বিমানবন্দরে আটক সাকিব
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধকোটি টাকার বেশি মূল্যের বৈদেশিক মুদ্রাসহ সাকিব নেওয়াজ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে এই বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়।
আটক সাকিব নেওয়াজের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায়। তার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানি রিয়াল এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম জব্দ করা হয়েছে। এসব মুদ্রার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, সাকিব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-এ ১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর নিরাপত্তা শাখা, এনএসআই, ডিজিএফআই, বিমানবাহিনী টাস্কফোর্স এবং কাস্টমস যৌথভাবে আন্তর্জাতিক বহির্গমন ৭ নম্বর গেটে তার লাগেজ তল্লাশি চালায়। সেখানে সবজির ভেতরে লুকিয়ে রাখা মুদ্রাগুলো পাওয়া যায়।
সাকিব নেওয়াজ মধ্যপ্রাচ্যে প্রায়ই যাতায়াত করেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

0 coment rios: