![]() |
| হাসনাত-সারজিসের আগমনের খবরে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ । জাগ্রত বাংলা |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের রংপুর সফরের খবরে জাতীয় পার্টি (জাপা) শহরে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে ফিরে আসে। মিছিল চলাকালে জাপার নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসনাত ও সারজিস শনিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই খবর পাওয়ার পরেই জাতীয় পার্টি থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, এর আগে ১৪ অক্টোবর জাতীয় পার্টি হাসনাত ও সারজিসকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।
এ প্রসঙ্গে জাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, "যেহেতু তাঁরা (হাসনাত-সারজিস) পুলিশের আইজির সঙ্গে রংপুরে আসছেন, আমাদের কর্মসূচি আপাতত স্থগিত। তবে দলের নেতা-কর্মীরা প্রতিবাদস্বরূপ বিক্ষোভ করেছেন। তাঁরা যখন ব্যক্তিগত সফরে আসবেন, তখন আমাদের পক্ষ থেকেও কর্মসূচি দেওয়া হবে।" দলীয় কার্যালয়ে এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসির।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন। জাতীয় পার্টির সঙ্গে এই সংলাপের বিষয়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন, যেখানে তাঁরা জাতীয় পার্টিকে "স্বৈরাচার সরকারের দোসর ও মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালাল" হিসেবে উল্লেখ করেন। তাঁদের এই পোস্টের পর জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


0 coment rios: