বিএনপি এখনো রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, জানিয়েছেন দলের সমন্বয়ক হাসনাত
| ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের প্রথম ধাপ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি।হাসনাত |
বিএনপি এখনো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদচ্যুতির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে শনিবার সন্ধ্যায় বিএনপি নেতাদের বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে উপস্থিত ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বিএনপির নেতারা জানিয়েছেন, দলের ফোরামে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাতজন নেতা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে তাদের বক্তব্য বিএনপি নেতারা মনোযোগ সহকারে শুনেছেন এবং দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আশা করি বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করবে।”
হাসনাত বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে বলেন, "আমরা তিনটি মূল বিষয়ে আলোচনা করেছি—দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণার প্রক্রিয়া, দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ, এবং জাতীয় ঐক্য বজায় রেখে সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার উপায়। বিএনপির নেতারা আমাদের সব কথা শুনেছেন এবং এসব বিষয় নিয়ে দলের ফোরামে আলোচনা করবেন বলে জানিয়েছেন।"
তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতনের প্রথম ধাপ সফল হয়েছে, এখন পরবর্তী ধাপে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ ও নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রণয়নে পদক্ষেপ প্রয়োজন। গত দুই দিন ধরে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, আজ বিএনপির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।"
হাসনাত জানান, বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও আলোচনা হয়েছে। তারা রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে একই মত পোষণ করেছেন এবং দ্রুততম সময়ে জাতীয় ঐক্যের মাধ্যমে এই পরিবর্তন চান।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এসময় বলেন, "চুপ্পু মাস্ট গো। আমরা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না, তবে জনগণের স্বার্থে রাষ্ট্রপতির পদচ্যুতি অবশ্যই প্রয়োজন। নাগরিক কমিটি ছাত্রদের দাবিকে সমর্থন জানায় এবং তাদের পাশে থাকবে।" জাগ্রত বাংলা নিউজ

0 coment rios: