Nov 9, 2024

ট্রাম্পের বিজয়ের পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন জো বাইডেন।

Trump's victory prompted Joe Biden to urge the nation to remain calm.
ট্রাম্পের বিজয়ের পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন জো বাইডেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান জনগণকে উত্তেজনা কমিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সাবেক এই প্রেসিডেন্টের ক্ষমতায় ফিরে আসায় উদ্বিগ্ন ডেমোক্র্যাট কর্মী-সমর্থকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর পরাজয়ে হতাশ হোয়াইট হাউসের কর্মীদের উজ্জীবিত করতে সেখানকার রোজ গার্ডেনে গতকাল বৃহস্পতিবার বক্তব্য দেন জো বাইডেন।

জো বাইডেন তাঁর বক্তব্যে বলেন, ‘বাধা-বিপত্তি আসবেই। (কিন্তু) হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য।’ তিনি আরও বলেন, ‘একটি পরাজয় মানে এই নয় যে আমরা সম্পূর্ণভাবে হেরে গেছি।’

গত মঙ্গলবারের নির্বাচন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সুসংহত অবস্থাকে প্রমাণ করেছে উল্লেখ করে, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করারও অঙ্গীকার করেন বাইডেন। এই বক্তব্যের মাধ্যমে মূলত ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।

২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর তা মানতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। ওই নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ এবারের নির্বাচনী প্রচারেও তোলেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি আশা করি, আমরা যা করতে পারি তা হলো, আপনি যাকেই ভোট দেন না কেন, আমরা পরস্পরকে প্রতিপক্ষ না বানিয়ে মার্কিন সহকর্মী হিসেবে বিবেচনা করে কাজ করতে পারি। আসুন, আমরা উত্তেজনা কমিয়ে আনি।’

বাইডেন আরও বলেন, ‘আমি আশা করি, আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সততা নিয়ে প্রশ্ন তুলব না। এ ব্যবস্থা সৎ, সুষ্ঠু ও স্বচ্ছ। এর ওপর আস্থা রাখা যায়, আমরা জিতি বা হারি—যেকোনো পরিস্থিতিতে।’
ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালে ট্রাম্প বাইডেনের সঙ্গে এমন সৌজন্যমূলক আচরণ করেননি।

নির্বাচনের পর একে-অপরের বিরুদ্ধে প্রচুর বিষোদ্‌গার করলেও, ট্রাম্পকে অভিনন্দন জানাতে ভোলেননি বাইডেন। বাইডেনের পক্ষ থেকে অভিনন্দন পেয়ে খুশি ট্রাম্পও। ট্রাম্পের প্রচারশিবির জানিয়েছে, শিগগিরই বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তিনি।

ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেউং বলেন, ‘নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন এবং আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।’

কিছু ডেমোক্র্যাট কর্মী-সমর্থক ভাইস প্রেসিডেন্ট কমলার পরাজয়ের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে (৮১) দোষারোপ করছেন। তাঁদের মতে, এ বছর বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া উচিত হয়নি। ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এর ফলে তুমুল সমালোচনা শুরু হলে গত জুলাইয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে কমলা হ্যারিস এ পদে প্রার্থী হন।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: