আওয়ামী লীগ দেশের রাজনীতিতে তাদের অবস্থান হারিয়েছে এবং এখন আর রাজনীতিতে তাদের কোনো স্থান নেই
![]() |
ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ গত দেড় দশকে ফ্যাসিবাদের নানা লক্ষণ প্রকাশ করেছে এবং তারা দেশের রাজনীতিতে তাদের অবস্থান হারিয়েছে। এই বক্তব্য তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যা ঢাকায় নেওয়া হয়েছিল। ড. ইউনূস বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তারা শুধু জনগণকে নিয়ন্ত্রণই করেনি, বরং রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।”
ড. ইউনূস স্পষ্ট করে বলেন যে তার অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রভাবিত করবে না; বরং, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে হবে। এদিকে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত।
ড. ইউনূস জানিয়েছেন, তিনি রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন করতে চান না। তবে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পর নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরই তাকে ফেরাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ড. ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ড. ইউনূস এর জবাবে জানান, কিছু সহিংস ঘটনা ঘটেছে, কিন্তু এগুলো ধর্মের ভিত্তিতে ছিল না।


0 coment rios: