শৈত্যপ্রবাহে কাঁপছে জনজীবন, সূর্যের দেখা কবে মিলবে, জানাল আবহাওয়া অফিস
সারাদেশজুড়ে এখন কনকনে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। টানা কয়েক দিন ধরে দেশের নানা প্রান্তে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এমন অবস্থায় কবে নাগাদ রোদের দেখা মিলতে পারে—সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশা ও শীতের প্রকোপ প্রায় একই রকম থাকবে। তবে নতুন বছরের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় বর্তমান আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। তবে বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে আকাশ পরিষ্কার হতে পারে এবং শুক্রবারের দিকে প্রায় সারা দেশেই পর্যাপ্ত সূর্যের আলো দেখা যেতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকছে, ফলে শীতের অনুভূতি বেশি হচ্ছে। সাধারণত দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শীত তীব্র হয়ে ওঠে, যা সাম্প্রতিক দিনগুলোতে দেশের বেশির ভাগ এলাকাতেই লক্ষ্য করা গেছে। বর্তমানে দেশে কোনো শৈত্যপ্রবাহ না থাকলেও সূর্যের অনুপস্থিতিতে মানুষের ভোগান্তি বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও সতর্ক করে জানিয়েছে, নতুন বছরের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৫ জানুয়ারির পর আবারও তাপমাত্রা কমতে পারে। এতে করে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ ফিরে আসার আশঙ্কা রয়েছে।


0 coment rios: